নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশুসহ সাতজন নিহত হওয়ায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) সংবাদ মাধ্যমে ব্লাস্টের কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই তিন শিশুসহ সাতজন প্রাণ হারান। ব্লাস্ট এ দুর্ঘটনাকে ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
ব্লাস্ট সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ২০১৮-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ক্ষতিপূরণ তহবিল সক্রিয়করণ এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের জোরালো দাবি জানিয়েছে।