২ আগস্ট, ২০২৫ তারিখে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সোচি শহরে একটি তেল ডিপোতে ব্যাপক আগুন লেগেছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ইউক্রেনের ড্রোন হামলার ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ২০১৪ সালে শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর সোচি রাশিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থিত।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, কিয়েভের নির্দেশে চালানো ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেলের ট্যাংকে আঘাত করায় আগুন ধরে যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, গত জুলাইয়ের শেষে ইউক্রেনের ড্রোন হামলায় সোচিতে দুজন নিহত হয়েছিলেন। কিয়েভ এখনো শনিবারের হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে, কিয়েভ সতর্ক করে বলেছে, সাম্প্রতিক রুশ হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা রাশিয়ার বিরুদ্ধে আকাশপথে হামলা আরও তীব্র করবে।