রাজধানীর পুরান ঢাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) শহীদ হাসান আলী লেনে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী আলাউদ্দিনের বাসভবনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) এবং মো. সাগর (২৯)। পরবর্তী তল্লাশিতে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি ২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি এবং ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।