জার্মানি ঘোষণা করেছে, গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্রের রফতানি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করছে বার্লিন। শুক্রবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎশ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য আলোচনা সর্বোচ্চ অগ্রাধিকার। বিবৃতিতে আরো বলা হয়, গত রাতে ইসরাইলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, যা জার্মান সরকারের লক্ষ্য অর্জনকে ক্রমশ কঠিন করে তুলছে।
শুক্রবার চীনও গাজা দখলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।