| আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো আইপিএলে খেলছেন ধোনি। ছবি: এএফপি |
২০১৩ সালে আইপিএল বেটিং বিতর্কে নাম জড়ানোর অভিযোগে ভারতের দুটি মিডিয়া চ্যানেল এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এক দশকেরও বেশি সময় পর, গত ১১ আগস্ট ২০২৫-এ মাদ্রাজ হাইকোর্ট এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
ধোনির কৌঁসুলিপক্ষ হলফনামা জমা দিয়ে মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর বিচারক সিভি কার্তিকেয়ান এই নির্দেশ দেন। নিউজ১৮-এর খবর অনুযায়ী, ধোনির দেওয়া প্রমাণাদি নথিবদ্ধ করতে বিচারক একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন। ধোনি আদালতে সশরীরে উপস্থিত হবেন না, কারণ তাঁর তারকা মর্যাদার কারণে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে তিনি জবানবন্দি ও প্রমাণাদি দেবেন।
২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং বিতর্ক ছিল বড় ঘটনা। স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ ছিল। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ধোনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলছেন।