ঢাকা, ১১ আগস্ট ২০২৫ – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ও আকৃষ্ট করতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ স্থাপন করা হবে। তিনি বলেন, “তরুণ ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। এ ছাড়া নারী ও পুরুষদের জন্যও আলাদা বুথ থাকবে।”
সোমবার সকালে ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কিছু দল বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।”