আজ বুধবার রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী কার্যালয়ে বেপজা এবং দক্ষিণ কোরিয়ার ওসিএফ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানিটি মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৮০ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করে তাঁবু, ক্যাম্পিং আসবাব এবং ব্যাগ তৈরির কারখানা স্থাপন করবে।
চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. আশরাফুল কবীর এবং কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম বলেন, “বেপজার সার্বিক সহায়তার জন্য তাদের ধন্যবাদ। আমরা আশা করছি, আগামী বছরের মধ্যে আমাদের কারখানা উৎপাদন শুরু করবে।”