Thursday, August 7, 2025

এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল জেলার পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জ (ওসি)-দের লটারির মাধ্যমে বদলি করা হবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি। এ সভায় নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেকোনো জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব।

তিনি বলেন, লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পদায়ন করা হবে। এখন কর্মকর্তারা যেখানেই থাকুক না কেন, নির্বাচনের আগে তাদেরকে লটারির মাধ্যমে বদলি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে, এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। কোন ক্যামেরা কার কাছে ও কীভাবে থাকবে, সে বিষয়েও আলোচনা চলছে। প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন, সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে আনসার ও পুলিশ সদস্যও থাকবেন। কারা বডি ক্যামেরা পাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। পুলিশের সিনিয়র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই এই ক্যামেরা থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এছাড়া নির্বাচন কমিশনকে বলেছি, তারা যেন পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন। আমাদের বাহিনীর প্রশিক্ষণ শেষে আমরা মহড়া দেব। নির্বাচন যেন ভালোভাবে সম্পন্ন হয়, সে জন্য অনুশীলনও করা হবে। তিনি জানান, নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা প্রায় আট লাখ থাকবে। আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে। ৭৬ কর্মকর্তার সংযুক্ত বদলির বিষয়ে তিনি বলেন, এটা রুটিন বিষয়, চলতে থাকবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.