ঘটনার সূত্রপাত হয় যখন একাদশ শ্রেণির ওই ছাত্র তার গণিত শিক্ষিকার কাছে জানতে চায়, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও ২০ নম্বরের পরীক্ষায় তাকে কেন ১৮ নম্বর দেওয়া হয়েছে। শিক্ষিকা তাকে বোঝান যে, তার উত্তর সঠিক হলেও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় দুই নম্বর কমানো হয়েছে। তিনি জানান, অন্য শিক্ষকরাও এই পদ্ধতিতে নম্বর দিয়েছেন এবং ছাত্রটিকে তাদের সঙ্গে কথা বলতে বলেন।
অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলার পর ছাত্রটি শ্রেণিকক্ষে ফিরে এসে তার নম্বর বাড়ানোর দাবি জানায়। শিক্ষিকা তাতে রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে একটি ডেস্কে লাথি মারে। কয়েক মিনিট পর সে শিক্ষিকার কাছে মাফ চাওয়ার দাবি জানায়। শিক্ষিকা তাতে অসম্মতি জানালে ছাত্রটি তাকে লাথি, কিল, এবং ঘুষি মারতে শুরু করে।
*ব্যাংকক পোস্ট* জানিয়েছে, এই হামলায় শিক্ষিকার চোখে কালশিটে দাগ পড়েছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং শিক্ষিকা তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।