Sunday, August 24, 2025

সিলেট স্ট্রাইকার্সের ‘শূন্য সহনশীলতা’র ঘোষণা

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স ‘শূন্য সহনশীলতা’ নীতির ঘোষণা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তাদের কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের প্রমাণিত অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ আগস্ট *প্রথম আলো*তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটি সর্বশেষ বিপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে। এ তালিকায় সিলেট স্ট্রাইকার্সের নামও ছিল, এবং আরও দুটি ফ্র্যাঞ্চাইজির বিষয়ে তদন্ত চলছে।

আজ এক বিশেষ বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স খেলার সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, “সিলেট স্ট্রাইকার্স সব সময়ই খেলার সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে। গত তিন বছর ধরে সিলেট স্ট্রাইকার্স টিম সুনামের সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা ইতিমধ্যে বিসিবি ও তদন্ত কমিটির সঙ্গে যোগাযোগ করেছি এবং সব ধরনের প্রাসঙ্গিক তথ্য প্রদানে সম্পূর্ণ প্রস্তুত আছি। উল্লেখ্য, আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের (এসিইউ) একজন সদস্য বিপিএলের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে ফেয়ার প্লে পলিসি বজায় রাখতে কাজ করছেন।” বিবৃতিতে আরও বলা হয়, “আমরা পুনর্ব্যক্ত করছি—যদি কখনো দলের কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ সামনে আসে, তবে আমাদের অবস্থান হবে ‘শূন্য সহনশীলতার।’” ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তাদের কাছে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই যে তাদের খেলোয়াড়, কোচিং স্টাফ বা ম্যানেজমেন্ট কোনো অন্যায়ের সঙ্গে জড়িত। প্রতিবেদনে তাদের নাম উল্লেখ হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিলেট স্ট্রাইকার্স জানায়, তারা কোটি কোটি ভক্ত, খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট, স্পনসর ও পার্টনারদের নিয়ে সিলেট ও সিলেটবাসীর প্রতিনিধিত্ব করে। বিপিএলের মাধ্যমে তারা খেলার সততা ও মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.