পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের মুখোমুখি হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধান হয়েছে। তিনি ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের ঘটনাকে এর সমাধান হিসেবে উল্লেখ করেন।
ইসহাক দার আরও বলেন, “ইসলাম আমাদের হৃদয় পরিষ্কার করতে শেখায়। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
তিনি জানান, বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে। ঢাকা ও ইসলামাবাদ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।