থানা সূত্রে জানা গেছে, পীরগাছা থানার এসআই মো: সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান যে, ইটাকুমারী জমিদারবাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুদ রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীকে জানানো হলে তার নির্দেশে রাত্রিকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত কাছারি ঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।