গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে মো. জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি উড়ালসড়কের নিচে কয়েকজনের সঙ্গে নিয়মিত ঘুমাতেন। তাঁর পেশা বা বিস্তারিত ঠিকানা সম্পর্কে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ ঘটনায় মো. রাকিব (২৫) ও মো. রবিন মিয়া (২৭) নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক জানান, ঘুমানোর জায়গা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনজনই ভাসমান এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার আশঙ্কা রয়েছে।