সিউল, ২ সেপ্টেম্বর ২০২৫: দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে অবস্থিত প্রেসিডেন্সিয়াল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত শাতিল প্রেসিডেন্ট লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন, যা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে গ্রহণ করেন।
রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্ধু এবং উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং প্রেসিডেন্ট লির দক্ষিণের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষিত লক্ষ্যের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট লি জে মিয়ং রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে একটি পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল এবং তাঁর সহধর্মিণী কাজী সায়মা হক উপস্থিত ছিলেন।
