Sunday, September 7, 2025

তারেক রহমানের মধ্যে যে পরিপক্বতা দেখেছি, তাঁর নেতৃত্বে অনেক দূর এগোবে জাতি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিগগিরই’ দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা হবে।’ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে সালাহউদ্দিন বলেন, ‘জনাব তারেক রহমান তাঁর মেধা, যোগ্যতা, শ্রম ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রামে কাজ করতে গিয়ে যে পরিপক্বতা দেখেছি, এই জাতি ইনশা আল্লাহ তাঁর নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের আবহের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সারা দেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন, ইনশা আল্লাহ, নির্বাচনের অনেক কিছু প্রতিষ্ঠিত হবে। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনেই নির্বাচনের অর্ধেক কার্য সমাপ্ত করতে পারব।’ ‘এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার’ বা ‘স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার’ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এগুলো কেন করতে হচ্ছে, কাকে সন্তুষ্ট করার জন্য, কী উদ্দেশ্যে? আমরা একটি স্থিতিশীল জাতি চাই।’ তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও ভোটাধিকার প্রয়োগের জন্য গণ-অভ্যুত্থান হয়েছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চার মাধ্যমে অপসংস্কৃতি, অপরাজনীতি ও ফ্যাসিস্ট রাজনীতি বিলুপ্ত করতে হবে। আমরা যদি আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে পারি, তাহলে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’ ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির রাজনীতি আর প্রতিষ্ঠা পাবে না জানিয়ে তিনি বলেন, ‘আজ দেখলাম কোথাও মিছিল দিচ্ছে। এক জায়গায় বলছে “জয়”, আরেক জায়গায় দেড় মাইল দূরে দৌড়াতে দৌড়াতে বলছে “বাংলা”।’ ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে, সেজন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আহ্বান জানান তিনি। জন–দুর্ভোগ বিবেচনায় বিএনপি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবর্তন এনেছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আমাদের করতে হবে। আমরা তা শুরু করছি এবং চালু রাখব। জনমতের সঙ্গে মিলিয়ে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হয়েছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.