খেলাধুলা, ২৯ মে ২০২৫ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি সরকারের অসন্তোষ প্রকাশ পেয়েছে। গুঞ্জন রয়েছে, তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের পরিকল্পনা চলছে। তবে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়েছেন, কোনো যুক্তিসংগত কারণ ছাড়া তিনি পদত্যাগ করবেন না। এমন পরিস্থিতিতে তাকে জোরপূর্বক সরানোর চেষ্টা করলে বাংলাদেশের ক্রিকেট নিষেধাজ্ঞার মতো বড় বিপদে পড়তে পারে।
গত আগস্টে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) পক্ষ থেকে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বিসিবির পরিচালক নিযুক্ত হন। এনএসসি চাইলে পরিচালকদের পদে পরিবর্তন আনতে পারে। কিন্তু ফারুক আহমেদ শুধু পরিচালকই নন, তিনি নির্বাচিত প্রেসিডেন্টও। বিসিবির পরিচালকদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ফলে, তিনি পদত্যাগ না করলে এনএসসি তাকে সরাতে পারবে না। এমন পদক্ষেপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট।
আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। ২০২৩ সালে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়েছিল। এর আগে জিম্বাবুয়েও একই কারণে একাধিকবার নিষেধাজ্ঞার শিকার হয়েছে। ফারুককে জোরপূর্বক সরানোর কোনো পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
এ.আই/এম.আর
