লালমনিরহাট, ২৯ মে ২০২৫ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, ভারত সীমান্ত দিয়ে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু বিজিবি নয়, প্রত্যেক নাগরিকই সীমান্তের রক্ষক।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, যতদিন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকবেন, ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। ভালো সম্পর্ক গড়তে হলে প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।
সারজিস আরও বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নাম বুড়িমারী রাখা হলেও এটি সেখানে থামে না। তিনি সকলকে একত্রিত হয়ে ট্রেনটি যেখানে চলে সেখানে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং বলেন, হয় ট্রেনের নাম পরিবর্তন করতে হবে, নয়তো বুড়িমারী থেকে ট্রেনটি চালাতে হবে।
তিনি পাটগ্রাম উপজেলায় বালু ও পাথর সিন্ডিকেটের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, রাত হলেই তারা অবৈধভাবে টাকা কামায়। এই সিন্ডিকেটগুলো চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে এবং দায়ীদের মুখোশ উন্মোচন করতে হবে।
এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাদের ও স্থানীয় নেতারা। সারজিস আলম জেলার অন্য চারটি উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেবেন বলে জানা গেছে।
এ.আই/এম.আর
.webp)