ঢাকা, ১০ মে ২০২৫ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন, তা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে একটি কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে, এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আবদুল হামিদের দেশত্যাগের ক্ষেত্রে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনও নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা, তা তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এসব আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি পরামর্শ দেন, জনদুর্ভোগ এড়িয়ে এমন স্থানে আন্দোলন করা উচিত।
এ.আই/এম.আর
