আন্তর্জাতিক ডেস্ক, ১০ মে ২০২৫ : চারদিনের তীব্র হামলা ও পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটিয়েছে।
ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়। ভারত সরকার জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে তাদের সেনা, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ করেছে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-র সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয় যে, শনিবার বিকেল ৫টা থেকে উভয় পক্ষ স্থল, আকাশ ও জলপথে সব ধরনের গুলি, গোলাবর্ষণ এবং সামরিক কার্যক্রম বন্ধ করবে।
উভয় দেশের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের ডিজিএমও আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেছেন যে উভয় দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।
এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প এক্স পোস্টে জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসাক দার বলেন, “যুদ্ধ কোনো সমাধান নয়। আজ বিকেল সাড়ে চারটা থেকে (পাকিস্তান সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”
এ.আই/এম.আর
