৩১ মে, ২০২৫ : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের সহায়তায় তিনটি বোটের মাধ্যমে ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও কর্মীসহ ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে করিমবাজার সংলগ্ন ডুবারচর এলাকায় মেঘনা নদীতে ঝোড়ো আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে স্থানীয় জেলেদের তিনটি বোটের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জেলেরা দ্রুত অংশ নিয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে দুই পুলিশ সদস্যসহ ১৯ জন এখনও নিখোঁজ। বর্তমানে কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
এ.আই/এম.আর
