বিনোদন : এবারের ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত ছিল একাধিক চলচ্চিত্র, যার মধ্যে ছিল ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’ ইত্যাদি। তবে এই তালিকা থেকে ‘শিরোনাম’ এবং ‘নাদান’ নামে দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছে।
‘শিরোনাম’ সিনেমার নায়ক নিরব সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছেন, সিনেমাটির শুটিংয়ের কিছু অংশ এখনো বাকি রয়েছে। তিনি বলেন, “ঈদে মুক্তির ঘোষণার সময় পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। তাড়াহুড়ো করে কাজ শেষ না করে আমরা সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি সম্পূর্ণ করতে চাই। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।”
অন্যদিকে, ‘নাদান’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। কারিগরি জটিলতার কারণে এই সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পাচ্ছে না। এক ফেসবুক পোস্টে শ্যামল মাওলা বলেন, “কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে ‘নাদান’ এই ঈদে মুক্তি পাচ্ছে না। যারা পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে ‘নাদান’ সিনেমার জন্য আবারও এই ভালোবাসা পাব বলে আশা করি।”
