খেলাধুলা, ৩১ মে ২০২৫ : ২০২৬ বিশ্বকাপের জন্য টিকিট নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তন উল্লেখযোগ্য। ইনজুরির কারণে পূর্ববর্তী স্কোয়াডে অনুপস্থিত থাকলেও, বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তারকা ফুটবলার।
আর্জেন্টিনা আগামী ৬ জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে ম্যাচ খেলবে, যা বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর ১১ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে, যা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এবারের স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এবং রিভার প্লেটের উদীয়মান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে প্রথমবারের মতো দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই খেলোয়াড় এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেননি, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে স্কালোনির নজর কেড়েছেন।
অন্যদিকে, প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন খেলোয়াড়: নিকোলাস দোমিঙ্গেজ (ইনজুরি), আলেহান্দ্রো গারনাচো, ভালেন্টিন কাস্তেলানোস এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আংশিক চোট)।
স্কালোনির এই স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করা হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড: লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ত্রোইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লেমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং লাউতারো মার্টিনেজ।
এ.আই/এম.আর
