আন্তর্জাতিক ডেস্ক | ১৫ মে, ২০২৫ : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতকে প্রতিহত করতে তাদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট। এ জন্য ভারতের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার (১৫ মে) ইসলামাবাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এর আগে রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ-র নজরদারিতে আনা উচিত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনাথ সিংয়ের এই মন্তব্য তাদের নিরাপত্তাহীনতা ও হতাশার প্রকাশ। এ ছাড়া, তার এই বক্তব্য আইএইএ-র মতো একটি বিশেষায়িত জাতিসংঘ সংস্থার দায়িত্ব ও ম্যান্ডেট সম্পর্কে তার অজ্ঞতাকেও প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের বারবার চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়া। পাকিস্তানের দাবি, তাদের সামরিক সক্ষমতা যেকোনো হুমকি মোকাবিলায় সক্ষম এবং তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ.আই/এম.আর
