রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইসিপিএস সার্ভার হ্যাক করে অবৈধভাবে ভবনের নকশা অনুমোদনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) রাজউকের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৯ মে, ইসিপিএস সার্ভারে অনুপ্রবেশ করে মাত্র ১৭ মিনিটে জলাভূমি ও উচ্চতা নিয়ন্ত্রিত এলাকায় ১৫ তলা বিশিষ্ট ১৮৫ ইউনিটের একটি ভবনের নকশা অবৈধভাবে অনুমোদন করা হয়। রাজউক কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করে এবং একই কায়দায় আরও তিনটি ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়াধীন অবস্থায় পায়। তাৎক্ষণিকভাবে সার্ভার বন্ধ করে মতিঝিল থানায় জিডি করা হয়।
তদন্তে রাবেয়া বারী নামে এক প্রকৌশলীর স্বাক্ষরযুক্ত নকশা এবং মতিঝিলের ‘নীল নকশা’ নামক একটি কম্পিউটার দোকানের সন্ধান পাওয়া যায়। ২২ মে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে দোকানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দোকানের মালিক এনামুলের ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজউকের ফি পরিশোধের প্রমাণ এবং কম্পিউটারে অবৈধ নকশা পাওয়া যায়। দোকানের মালিক এনামুল ও কর্মচারী স্বপনের সম্পৃক্ততা নিশ্চিত হলেও তারা পলাতক ছিলেন।
রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে ৬ জুন উত্তরা পূর্ব থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধির ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ‘নীলাভ নকশাঘর’র মালিক মো. জাহাঙ্গীর আলম, সজীব ও মুকুলকে গ্রেপ্তার করা হয়।
রাজউকের সহকারী পরিচালক বলেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এ.আই/এম.আর
