ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার পর রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রায় ৬০০ রাশিয়ান বিশেষজ্ঞ ইরানের বিভিন্ন প্রকল্পে কাজ করছে, যার মধ্যে ২৫০ জন বুশেহারে নিয়োজিত। তিনি বলেন, “আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না।”
বৃহস্পতিবার (১৯ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) পুতিন এ মন্তব্য করেন। তিনি ইরানের পরমাণু প্রকল্প রক্ষায় রাশিয়ার তত্ত্বাবধানে কাজ করার প্রস্তাব দিয়েছেন, তবে শর্ত হলো ইরানের সম্মতি এবং ইউরেনিয়ামের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।
পুতিন জানান, বুশেহারে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণে রুশ বিজ্ঞানীরা কাজ করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুতিনকে আশ্বস্ত করেছেন, এই এলাকায় তারা হামলা করবে না।
অস্ত্র সরবরাহের প্রশ্নে পুতিন বলেন, জানুয়ারিতে রাশিয়া-ইরান চুক্তিতে অস্ত্রের বিষয় নেই, এবং ইরান আনুষ্ঠানিকভাবে অস্ত্র চায়নি। তিনি ইরানের নিরাপত্তা ও ইসরায়েলের উদ্বেগের মধ্যে ভারসাম্য রক্ষার পক্ষে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন।
ইউক্রেন-রাশিয়া সংঘাতে মধ্যস্থতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকেও ধন্যবাদ জানান পুতিন।
এ.আই/এম.আর
