সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা অর্থের পরিমাণ গত এক বছরে ২৩ গুণ বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) গত ১৯ জুন, ২০২৫-এ প্রকাশিত ২০২৪ সালের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষে বাংলাদেশের নামে জমা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ, যা বর্তমান বিনিময় হারে (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা) প্রায় ৮,৯৭২ কোটি টাকা।
২০২৩ সালে এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, অর্থাৎ প্রায় ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে অর্থের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এর আগে, ২০২২ সালে বাংলাদেশের নামে জমা ছিল ৫ কোটি ৮৪ লাখ ফ্রাঁ, যা প্রায় ৮৭৬ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, এই অর্থের ৯৫ শতাংশের বেশি বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, যা মূলত বাণিজ্য সংক্রান্ত লেনদেনের অংশ। তবে ধারণা করা হচ্ছে, এর কিছু অংশ পাচার হওয়া সম্পদ হতে পারে, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সুইস ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করলেও ব্যক্তিভিত্তিক তথ্য পায়নি। সুইজারল্যান্ড জানিয়েছে, অবৈধ অর্থ পাচারের প্রমাণ পেলে তারা তথ্য দিতে সহযোগিতা করবে।
উল্লেখ্য, অন্য দেশের নামে জমা অর্থ বা সুইস ব্যাংকের ভল্টে সংরক্ষিত শিল্পকর্ম, সোনা বা দুর্লভ সামগ্রীর মূল্য এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।
এ.আই/এম.আর
