Friday, June 27, 2025

মালয়েশিয়ায় উগ্রবাদের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় চরমপন্থি মতাদর্শ প্রচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মালয় মেইলের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিনটি ধাপে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মামলা শাহ আলাম ও জোহর বাহরু সেশন কোর্টে বিচারাধীন রয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগের আদেশ জারি করা হয়েছে, এবং ১৬ জনের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে।
মন্ত্রী জানান, বিশেষ শাখার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানা গেছে, এই গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থি মতাদর্শ প্রচার করছিল। তারা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নিয়োগকেন্দ্র গঠন করে উগ্রবাদী মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
সাইফুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, মালয়েশিয়া কখনোই বিদেশি উগ্রবাদী সংগঠনের নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না। দেশের নিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান মালয়েশিয়ার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ। ভবিষ্যতে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, মালয়েশিয়াকে উগ্রবাদী কর্মকাণ্ডের কেন্দ্র বা ট্রানজিট হিসেবে ব্যবহারের চেষ্টা করলে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.