ঢাকা, ২৭ জুন ২০২৫: আজ শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
দুপুর ১:৪৫ থেকে ২:২০ পর্যন্ত চলা এই সমাবেশে প্রায় ২০০-২৫০ জন অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ। এছাড়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মুসলমানরা সবসময় ফিলিস্তিনের পাশে ছিল এবং থাকবে। তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, “ইরানকে হাতেপাতে ধরে ইসরায়েল যুদ্ধ স্থগিত করতে অনুনয়-বিনয় করেছে। মুসলমানদের বিরুদ্ধে যে কোনো দেশ এমন করবে, আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবো।”
এছাড়া, তারা ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানান। আসন্ন নির্বাচনে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তারা।
সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এ.আই/এম.আর
