Monday, June 23, 2025

হিজলায় কৃষি প্রণোদনার নারকেল চারা নিয়ে হামলা, কৃষি কর্মকর্তা আহত

বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর টেকের বাজারে সরকারি কৃষি প্রণোদনার নারকেল গাছের চারা বিতরণ নিয়ে বিরোধের জেরে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান ও তার ছেলে হিজলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসানের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। আহত ফখরুল ইসলাম বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২২ জুন) সন্ধ্যায়। ভুক্তভোগী ফখরুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে সুবিধাভোগীদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়। গিয়াস উদ্দিন দেওয়ান দাবি করেন, তার অনুসারীরা এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ও তার সহযোগীরা টেকের বাজারে ফখরুল ইসলামের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে গিয়াস উদ্দিন, তার ছেলে জিসান এবং সহযোগী আজমাইন চৌধুরীসহ অন্যরা বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ফখরুল ইসলাম বাদী হয়ে গিয়াস উদ্দিন দেওয়ান, রিয়াজুল ইসলাম জিসান ও আজমাইন চৌধুরীসহ ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হিজলা থানায় মামলা দায়ের করেছেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
তবে, অভিযুক্ত গিয়াস উদ্দিন দেওয়ান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা। কে বা কারা এ হামলা করেছে, আমার জানা নেই।” এদিকে, বিএনপির স্থানীয় নেতা খোকন দপ্তরী ঘটনাটি সালিশ-মীমাংসার চেষ্টা করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.