১১ জুন, ২০২৫ : নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন নামে এক বৃদ্ধ সম্প্রতি কোরবানির পশুর হাটে প্রতারণার শিকার হয়েছেন। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে ৫ জুন তিনি তার লালিত গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতা তাকে জাল টাকার বান্ডেল দিয়ে প্রতারণা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা সবার দৃষ্টি আকর্ষণ করে।
ভিডিওটি দেখে অনেকেই রইস উদ্দিনের পাশে এগিয়ে আসেন। এর মধ্যে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে তার সহায়তায় এগিয়ে আসেন। সংগঠনটির সহযোগিতায় এবং বিভিন্ন ব্যক্তির অনুদানে রইস উদ্দিন ইতোমধ্যে তার গরুর মূল্য ফেরত পেয়েছেন। এরপর অপু বিশ্বাস ঘোষণা দেন, তিনি রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ বহন করবেন।
অপু বিশ্বাস বলেন, “চাচার ভিডিও দেখে খুব খারাপ লেগেছে। তিনি গরীব মানুষ, দূর-দুরান্ত থেকে গরু বিক্রি করতে এসেছিলেন। জানতে পেরেছি, তার ইচ্ছে ওমরাহ করার। তাই আমি তার ওমরাহর খরচ বহন করব। যদি তিনি এখন না যেতে চান, তবে ৫০ হাজার টাকা দেব, যাতে তিনি নতুন পশু কিনতে বা অন্য প্রয়োজনে ব্যবহার করতে পারেন।”
তিনি আরও বলেন, “উনি আমার বাবার বয়সী। আমি তার জন্য শুধু দোয়া চাই।” অপু বিশ্বাসের এই মানবিক উদ্যোগগে রইস উদ্দিনের মুখে হাসি ফোটার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
এ.আই/এম.আর
