খেলাধুলা, ০৯ জুন, ২০২৫ : আগামীকাল সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ম্যাচের আগে বাংলাদেশ দলের খেলোয়াড় হামজা চৌধুরীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
সাকিব তার বার্তায় লিখেছেন, “সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।” এই শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত হামজা বলেন, “আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক কিছু। কারণ— তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড।”
এদিকে, এই ম্যাচ নিয়ে ফিফা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ।” বাংলাদেশ দল এই ম্যাচে জয় পেলে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে যাবে।
এ.আই/এম.আর
