তেহরান, ০৯ জুন ২০২৫: ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য ঘোষণা করে নতুন একটি চুক্তির প্রস্তাব তৈরির ঘোষণা দিয়েছে। এই প্রস্তাব ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হবে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানান।
বাঘায়ি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এটি পূর্ববর্তী আলোচনার কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এখন যুক্তিসংগত, ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক একটি প্রস্তাব তৈরি করছি।” তিনি আরও জানান, অবরোধ উঠে যাওয়ার আগে ইরান আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় সুবিধা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে চায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মে মাসে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুত ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মতপার্থক্য ছিল। ইরানি কূটনীতিকরা জানান, এসব মৌলিক বিষয়ে স্পষ্টতার অভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে।
বাঘায়ি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যেসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে, তারাই ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে। আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ২০১৮ সালে যুক্তরাষ্ট্র বাতিল করলে ইরানও চুক্তির সীমা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়।
ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানান বাঘায়ি।
এ.আই/এম.আর
