সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ শুক্রবার ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হবে। রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রম থেকে বিকেল ৩টায় রথযাত্রা শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। এর আগে দুপুর আড়াইটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি কের। ইসকন সূত্রে জানা গেছে, রাজধানীতে দশটি স্থান থেকে পৃথক রথযাত্রা হলেও মূল আকর্ষণ থাকবে ইসকন স্বামীবাগ আশ্রমের আয়োজনে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসকন কর্তৃপক্ষ, এবং লক্ষাধিক ভক্তের সমাগম প্রত্যাশিত।
রথযাত্রা মহোৎসব আজ
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, এবারের উৎসব উপলক্ষে ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রয়েছে অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন ও ধর্মীয় নাটক। আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
রথযাত্রার শোভাযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। আগামী ৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে এসে উৎসবের সমাপ্তি ঘটবে।
চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, সরকার ও প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নে উৎসব পালনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ইসকনের নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত থাকবেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানায়, ইসকনের রথযাত্রা ছাড়াও রাজধানীর দয়াগঞ্জ, শাঁখারীবাজার, তাঁতীবাজার, গোয়ালনগরসহ নয়টি স্থান থেকে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইসকন বাংলাদেশ জানায়, ঢাকাসহ সারা দেশে তাদের ১২৮টি মন্দির ও আশ্রমে এই উৎসব পালিত হবে।
এ.আই/এম.আর
