কেরানীগঞ্জ, ১১ জুন ২০২৫: কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় জড়িত নাইটগার্ড মো. সিয়াম ঢাকার একটি আদালতে তার দোষ স্বীকার করেছেন।
বুধবার (১১ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান সিয়ামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে তার দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখের রিমান্ড শুনানির জন্য আগামী ১৫ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আসামিদের আদালতে হাজির করা হলে সিয়াম স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং অপর দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য ১৫ জুন নির্ধারণ করেন। আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের দেয়ালে থাকা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরার তার কেটে সিস্টেম অকার্যকর করে এবং ভল্ট ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও সিসিটিভির ডিভিআর ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল, যার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত হয়। প্রাথমিকভাবে সন্দেহের তীর নাইটগার্ড সিয়ামের দিকে যায়। তিনি দাবি করেছিলেন, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন এবং অজ্ঞাত ব্যক্তিরা চুরি করেছে। তবে তার বক্তব্যে অসংগতি থাকায় জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত চলমান রয়েছে, এবং পুলিশ ঘটনার আরও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছে।
এ.আই/এম.আর
