নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বুধবার (১১ জুন) তিনি জানান, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরীক্ষকরা ইতোমধ্যে মূল্যায়নকৃত খাতা বোর্ডে পাঠানো শুরু করেছেন, তবে কিছু খাতা এখনো হাতে আসেনি। সব খাতা পাওয়ার পর নম্বর ইনপুটসহ অন্যান্য কাজ সম্পন্ন করে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
চেয়ারম্যান আরও জানান, এ বছর খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হলেও পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে খাতা জমা দিয়েছেন। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে। এতে কোনো বড় সমস্যা হবে না।”
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৮ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।
এ.আই/এম.আর
