রোববার রাতে গ্রিডে আকস্মিক ত্রুটির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হল ও ক্যাম্পাস এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাত ১০টার পর থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রথমে সাধারণ লোডশেডিং বলে মনে হলেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় হল এলাকায় শিক্ষার্থীদের চিৎকার ও প্রতিবাদ করতে দেখা গেছে। তবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং মলচত্বরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।
বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে রাত ১০টার দিকে সৃষ্ট বৈদ্যুতিক ত্রুটি। এর ফলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান ও মগবাজারের মতো এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডেসকোর এলাকাগুলো তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানিয়েছেন, পিজিসিবি’র প্রকৌশলীরা সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, “রামপুরার সাবস্টেশনে ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। প্রয়োজনে বাইপাসের মাধ্যমেও সমাধান করা হবে।”
পিজিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯:৫০ মিনিটে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ.আই/এম.আর
