তেল পরিবহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য চীনের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। এছাড়াও এর প্রভাব অন্যান্য দেশের ওপরও পড়বে।
রোববার (২২ জুন) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রুবিও বলেন, “ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে চীন সরকারের সবচেয়ে বেশি ক্ষুব্ধ হওয়া উচিত। কারণ তাদের অনেক তেল এই পথ দিয়ে আসে। ইরান যদি এখানে মাইন স্থাপন করে, তাহলে চীনকে উচ্চমূল্য দিতে হবে, এবং অন্যান্য দেশকেও মূল্য দিতে হবে। আমাদেরও কিছুটা প্রভাব সহ্য করতে হবে। প্রণালী বন্ধ হলে পুরো বিশ্বে ব্যাপক প্রভাব পড়বে। ইরানের জন্য এটি বাণিজ্যিক আত্মহত্যার শামিল হবে।”
মার্কো রুবিও আরও দাবি করেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে, বিশেষ করে তেল আমদানিকারক দেশগুলোর ওপর।
এ.আই/এম.আর
