Friday, June 27, 2025

চীন সফর শেষে ঢাকায় ফিরলেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

ঢাকা, ২৮ জুন ২০২৫: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে গতকাল ২৭ জুন ২০২৫, রাত ১০:৪২ ঘটিকায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের (ফ্লাইট নং- CZ-391) একটি বিমানে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি গত ২২ জুন ২০২৫, রাত ১০:৩৫ ঘটিকায় এয়ার চায়নার (ফ্লাইট নং- CA-702) একটি বিমানে ঢাকা ত্যাগ করেছিলেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি চীনের শানসি প্রদেশের সিয়ান শহরের একটি মডেল কমিউনিটি এবং ‘কোড সিটি’ নামে একটি আধুনিক স্মার্ট সিটি প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া, তারা চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, রাজনৈতিক সহযোগিতা এবং আগামী দিনে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “এই সফরের মাধ্যমে বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে নতুন সমঝোতা স্থাপিত হয়েছে, যা বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” তিনি আরও বলেন, চীন বাংলাদেশে কৃষি, শিল্প, পোশাক, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.