ঢাকা, ২১ জুন ২০২৫: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি ৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ রাতে চীন সফরে ঢাকা ত্যাগ করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং দলীয় পর্যায়ে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক); বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সৈয়দ সায়রুল কবির খান জানিয়েছেন, এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে বেইজিং, শানশি এবং ইউনান প্রদেশে সিপিসির কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতাদের সঙ্গে আলোচনা হবে, যা দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এলে চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে। গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে এই সফরকে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
এ.আই/এম.আর
.jpeg)