ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি হুমকি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায়, তবে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। শনিবার (২১ জুন, ২০২৫) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজের উপর হামলা চালাবে। ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে মুখপাত্র আরও বলেন, “যে কোনও আরব বা ইসলামি দেশের বিরুদ্ধে পরিচালিত ‘ইহুদিবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও স্পষ্ট।”
এর আগে, গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, যেখানে তারা একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেয়। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে হুথিরা গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমাপন্থি জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে।
এ.আই/এম.আর
