লস অ্যাঞ্জেলেস, ১০ জুন ২০২৫: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজ্য প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারেন না। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা বলেন, “ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয়, বিপরীতমুখী এবং আইনবহির্ভূত।” রাজ্য প্রশাসন দাবি করেছে, মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড ও মেরিন সেনারা ট্রাম্প বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তে রাজ্যের নির্দেশ মেনে চলুক।
বিক্ষোভের সূত্রপাত গত ৬ জুন, যখন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় নথিবিহীন অভিবাসীদের আটক করতে পুলিশ ও আইসিই অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর ট্রাম্প ২,০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন, যা পরিস্থিতি আরও জটিল করে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এর আগেও ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করে মামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, ট্রাম্প যদি সেনা প্রত্যাহার করেন, তবে তিনি মামলা তুলে নেবেন। সামাজিক মাধ্যম এক্সে নিউসাম ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “এই সমস্যা সমাধানের ক্ষমতা আপনার হাতে। দয়া করে তা প্রয়োগ করুন।”
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি এই মামলাকে নিউসামের “আত্মসম্মান রক্ষার প্রচেষ্টা” বলে কটাক্ষ করেছেন। এদিকে, রয়টার্স জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে।
এ.আই/এম.আর
