৪ দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার (১৪ জুন ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শুক্রবার (১৩ জুন) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৯ জুন সোমবার সন্ধ্যায় ড. ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১০ জুন মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে (স্থানীয় সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ, ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ এবং বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা আদায়।
সফরে ড. ইউনূস ব্যস্ত সময় কাটান। মঙ্গলবার তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠক করেন। বচওয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শের সঙ্গে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারত্ব ও লাভজনকতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একই দিনে যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে।
বুধবার ড. ইউনূস ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল তার হোটেলে সাক্ষাৎ করেন। তিনি চ্যাথাম হাউজের ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতা’ শীক্ষক অনুষ্ঠানে অংশ নেন।
বৃহস্পতিবার সকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে বাংলাদেশের শ সংস্কার নিয়ে আলোচনা করেন এবং বিকালে সেন্ট জেমস প্যালেসে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। একই দিন তিনি হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে বৈঠক করেন।
শুক্রবার ড. ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে সংস্কার ও গণহত্যার বিচারের অগ্রগতির ভিত্তিতে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এছাড়া, অ্যাডমিরাল ডেপুটি জেরেমি চার্চার ও কমোডর হোয়্যালি তাকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে অবহিত করেন। তিনি লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ অধিবেশনেও অংশ নেন।
এই সফরে ড. ইউনূস বাংলাদেশের সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করেন।
এ.আই/এম.আর
