সোমবার (২৩ জুন ২০২৫) বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স, অপারেশন সোভেরিন বর্ডার্সের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টারের নেতৃত্বে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন কোস্টগার্ড মহাপরিচালক। তিনি সামুদ্রিক আইন প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি, এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার, এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ, এবং কৌশলগত সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, “বাংলাদেশ কোস্টগার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।”
অনুষ্ঠানের সমাপনীতে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলকে ধন্যবাদ জানানো হয় এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ.আই/এম.আর
