কুমিল্লা, ১৯ জুন ২০২৫: কুমিল্লার লাকসাম উপজেলায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ার কারণে শ্বশুর মো. চান মিয়াকে হত্যার দায়ে পুত্রবধূ তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বেলাল হোসেন ভূইয়া জানান, তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির জন্য ঢাকায় থাকতেন। এই সুযোগে তাসলিমা একাধিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। শ্বশুর চান মিয়া এর প্রতিবাদ করলে ক্ষুব্ধ তাসলিমা ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন। হত্যার পর তিনি গোসল করে শ্বশুরের মেয়ে বেবি আক্তারকে ঘটনাটি জানান এবং পরদিন বেবিকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন।
১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এ.আই/এম.আর
