ঢাকা, ১৯ জুন ২০২৫: ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে হত্যা মামলার আসামি শরিফুল পালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য শরিফুলকে আদালতে আনা হয়েছিল। বিচারিক কার্যক্রম শেষে পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহ চার আসামিকে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় শরিফুল পুলিশ সদস্যকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী শরিফুলের খোঁজে ব্যাপক তৎপরতা শুরু করেছে। তবে প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম পুলিশের চোখে স্প্রে মেরে পালিয়ে গিয়েছিল। আদালত প্রাঙ্গণ থেকে আসামিদের পলায়নের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি সামনে আনছে।
এ.আই/এম.আর
