দিনাজপুরের বিরল উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মো. মইনুল ইসলাম বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর বড় বাড়ি গ্রামের বাসিন্দা এবং মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি জানান, তিনি মোটরসাইকেলে করে দিনাজপুর অগ্রণী ব্যাংকের স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তার মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এ.আই/এম.আর
