চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তুলাতলী মৌজায় সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৫ জুন) কোহিনূল স্টিল নামের একটি শিপইয়ার্ডে এই অভিযানে একটি দুইতলা ভবন, একটি একতলা ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন এবং খুঁটি ভেঙে ফেলা হয়।
জেলা প্রশাসন জানায়, বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগের আওতাধীন ১১৩.৬৩ একর জমির একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। এই জমি উদ্ধারের জন্যই এই অভিযান পরিচালিত হয়।
এর আগে, গত ২০ মার্চ জেলা প্রশাসনের কার্যালয় থেকে অবৈধ দখলদারদের সাত দিনের মধ্যে জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও জমি দখলমুক্ত না হওয়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। তিনি জানান, অভিযানের মাধ্যমে জমিটি সরকারের দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে জমিটি পুনরায় দখল না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, জেলার যেকোনো স্থানে সরকারি জমি অবৈধ দখলে থাকলে তা উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই/এম.আর
