আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি) রেড অ্যালার্ট জারি করেছে। বুধবার (১১ জুন) থেকে শুরু হওয়া এই সতর্কতা শুক্রবার (১৩ জুন) পর্যন্ত বহাল থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বিভিন্ন আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আর্দ্রতার কারণে তাপমাত্রার অনুভূতি আরও বেড়ে তাপ সূচক ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বুধবার বিকেলে আয়নগরে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া পালামে ৪৪.৫, রিজে ৪৩.৬, পিতমপুরায় ৪৩.৫, লোদি রোডে ৪৩.৪ এবং ময়ূর বিহারে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আইএমডি জানিয়েছে, তাপমাত্রা ও আর্দ্রতার সমন্বয়ে তাপ সূচক পরিবর্তিত হয়, তবে ভারতে এর কোনো সরকারি রেকর্ড রাখা হয় না। তীব্র তাপপ্রবাহের কারণে দিল্লি ও আশপাশের এলাকায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত তাপমাত্রা এই রকম থাকতে পারে, তবে শুক্রবার থেকে তা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
রেড অ্যালার্টের কারণে বাসিন্দাদের বেশি করে পানি পান, সূর্যের আলো এড়ানো এবং বাইরে চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
