ঢাকা, ২১ জুন ২০২৫: জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয় এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে। শনিবার (২১ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা রোববার (২২ জুন) সকাল ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকাগুলো অন্তর্ভুক্ত।
ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বসাধারণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
এ.আই/এম.আর
