আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় জোট গঠনে ঐকমত্যে পৌঁছেছে। শুক্রবার (২০ জুন, ২০২৫) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিন দেশ একসঙ্গে কাজ করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে অংশ নেন। তিনি ত্রিপক্ষীয় প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আহ্বানের জন্য চীনের প্রশংসা করেন এবং জনকেন্দ্রিক উন্নয়নের জন্য তিন দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন।
দ্বিপাক্ষিক সম্পর্কের ঊর্ধ্বমুখী গতিপথে সন্তুষ্টি প্রকাশ করে আমনা বেলুচ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে আদান-প্রদানে সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।
বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয়-জিতের সহযোগিতায় কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
এই জোট আঞ্চলিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা তিনটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।
